খুলনায় মোড়ে ও ফুটপাতে জমজমাট শীতের পিঠা-পুলির ব্যবসা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ৮:২৭ অপরাহ্ণ

মো: মোশারেফ আলী সোহেল \ শীত মানেই পিঠা-পুলির স্বাদ। শীত আর পিঠার যেন অন্য রকম মিতালি। খুলনা শহরে পৌষের শীতেই জমে উঠেছে হরেক পিঠার বিকিকিনি। সন্ধ্যায় শহরের জনাকীর্ণ স্থানে, রাস্তার মোড়ে কিংবা মহল্লার অলিগলিতে শীতের হরেক পিঠার পসরা সাজিয়ে ভ্রাম্যমাণ দোকান বসিয়েছেন মৌসুমি পিঠা বিক্রেতারা। সেসব দোকানে পিঠার স্বাদ নিতে ভিড় করছেন ক্রেতারা।
পিঠার মৌসুমি এই ব্যবসা অনেক দরিদ্র মানুষের উপার্জনের পথ খুলে দিয়েছে। পিঠা বিক্রির আয়ে চলছে অনেকের সংসার। নাগরিক জীবনের নানা ব্যস্ততায় যারা ঘরে পিঠা বানিয়ে খাওয়ার সময় পান না, তাঁরা এসব দোকান থেকে পিঠা কিনে নেন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে পিঠা বিক্রি ও খাওয়ার পালা। নতুন চালের মন মাতানো গন্ধে ভরে ওঠে চারপাশ। এমন পরিবেশে শীতের পিঠা খেতে কার না ভালো লাগে।
নগরীর তারের পুকুর পাড়, রূপসা ঘাট এলাকা, সাত নম্বর ঘাট, নিউ মার্কেট, পাইওনিয়র কলেজের সামনে, রেলস্টেশন এলাকা, নিরালা, দৌলতপুর, খালিশপুর, গল্লামারী, সলেমান নগরের প্রবেশ দ্বার, রূপসা ব্রিজসহ প্রায় শতাধিক স্থানে বসেছে পিঠা তৈরির অস্থায়ী দোকান।
নগরীর তারের পুকুরপাড় এলাকায় নুরুজ্জামানের দোকানে পিঠা খেতে আসা বিজয় সরকার জানান, এখানের পিঠার স্বাদই আলাদা। বন্ধুবান্ধবদের নিয়ে প্রতিবছরই এই দোকানে পিঠা খেতে আসি। কারণ এখানে চিতই পিঠার সঙ্গে খেজুরের গুড় এবং সরিষা ও ধনে পাতার ভর্তা পাওয়া যায়।
পিঠা খেতে আসা কলেজ ছাত্র মনিরুজ্জামান বলেন, সময় পেলেই সন্ধ্যার পর এখানে পিঠা খেতে আসি। নুরুজ্জামানের দোকানে খেজুরের গুড়ের পাশাপাশি বেশ কয়েক পদের ভর্তা দিয়ে পিঠা খাওয়া যায়। তাই এখানে পিঠার স্বাদ নিতে আসি। পিঠা বিক্রেতা নুরুজ্জামান দৈনিক অনির্বাণ’কে জানান, এবার চালের দাম বেশি হলেও আগের মতোই প্রতিটি চিতই পিঠা ৫ টাকা রাখা হচ্ছে। বিক্রিও বেশ ভালো।
রূপসা ট্রাফিক মোড়ে পিঠা বিক্রেতা শিল্পী বেগম জানান, এখানে নতুন খেজুরের গুড় ও নতুন চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানানো হয়। প্রতিটি ভাপা পিঠার দাম ১০ টাকা, চিতাই পিঠা ৫টাকা, এছাড়া কুলি পিঠা ১০ টাকা ও পাটিসাপটা পিঠা ৫ টাকা দরে বিক্রি হয়। সেখানে পিঠা কিনতে আসা পাইনিয়র সরকারি কলেজের ত্বিতীয় বর্ষের ছাত্রী ফাতেমা ফাতেমা জানান, ভ্রাম্যমাণ এই দোকানের পিঠার মান ও স্বাদ ভালো। তাই এখান থেকে পিঠা কিনি। শহরের নিউ মার্কেট মোড়ে ভ্যানে পিঠার পসরা সাজিয়ে বসেছেন আব্দুল জলিল বলেন, পিঠা বিক্রির আয়ে সংসার চলছে। শীত যত বাড়ছে, পিঠা বিক্রির তত ধুম পড়ছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল হান্নান ॥ ঠিকান: শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা। মোবাঃ +8801718-758990, বিজ্ঞাপন: , ই-মেইল: hannanbd032@gmail.com ॥  ডিজাইনার : মোঃ আনোয়ারুল ইসলাম

প্রিন্ট করুন