নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর এলাকায় দিনের আলোতে বসতবাড়ি থেকে স্মার্টফোন চুরির ঘটনায় একমাস পার হলেও মেলেনি কোনো প্রতিকার। গ্রাম আদালতে অভিযোগ দিয়েও ফোনটি উদ্ধার করতে পারেননি ভুক্তভোগী পরিবার। উল্টো অভিযুক্ত ব্যক্তি এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার বিবরণে জানা যায়, বিগত ১৫ ফেব্রুয়ারী বিকেল ৩টা ৪৫ মিনিটে মথুরাপুরের বাসিন্দা অনিমা রানী মন্ডলের (পিতা: পঞ্চানন সরকার) ঘর থেকে একটি মূল্যবান ‘অপ্পো’ (OPPO) ব্র্যান্ডের স্মার্টফোন চুরি হয়। ঘটনার সময় চোরকে সরাসরি দেখে ফেলেন অনিমা রানীর ভাবী (সোমা)। শনাক্তকৃত অভিযুক্ত ব্যক্তি একই এলাকার মজিদ গাইনের পুত্র হাসান (৩৮)।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ দায়ের করা হয়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং গ্রাম আদালতেও বিষয়টি গুরুত্ব দেওয়া হয়নি ।
অভিযুক্তকে শনাক্ত করা হলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী অনিমা রানী মন্ডল বলেন, “চোরকে আমার ভাবী নিজের চোখে দেখেছে এবং তার নাম-পরিচয় সব ইউনিযন পরিষদকে জানিয়েছি। চেয়ারম্যান, মেম্বর, গ্রাম আদালত—সব জায়গায় ঘুরেও আমরা কোনো বিচার পাচ্ছি না। আমরা দ্রুত আমাদের ফোনটি ফেরত চাই এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এলাকাবাসী জানায়, দিনের বেলা বসতবাড়ি থেকে ফোন চুরির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার ওপর আইনি প্রক্রিয়ায় কোনো প্রতিকার না পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হচ্ছে। তারা দ্রুত জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬ । ৯:৫৯ অপরাহ্ণ