মো: মোশারেফ আলী সোহেল: পৌষের মাঝামাঝিতে এসে ‘আসল রূপে’ আবির্ভূত হয়েছে শীতকাল। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় এতদিন উত্তরের জনপদ বিপর্যস্ত হলেও মাঝ পৌষে এসে গোটা দেশ কাঁপাচ্ছে শীত। এতদিন যারা হালকা গরম কাপড় গায়ে দিয়েছিলেন এখন তারা মোটা কাপড় পরছেন।
আজ ববিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত খুলনা নগরীর আকাশে দেখা যায়নি সূর্য। কুয়াশাচ্ছন্ন হয়ে আছে চারপাশ। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে শীতে গ্রামাঞ্চলে থাকা দরিদ্র মানুষের অবস্থা বেশি কাহিল। আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে জানিয়েছে যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় ঠান্ডার অনুভূতি অব্যাহত থাকতে পারে।
এদিকে, শীতের কারণে মানুষজনের স্বাভাবিক কর্মকান্ড ব্যাহত হচ্ছে। মোটা জ্যাকেট, মাফলারে ঢেকে মানুষজনকে জবুথুবু হয়ে পথ চলতে দেখা যায়। শীতে ঘর থেকে বের হননি অনেকে। তবে ঘর থেকে বের হয়েও কাজ মিলছে না শ্রমজীবী মানুষের। এদিকে, শীতের তীব্রতা বৃদ্ধির ফলে ঠান্ডাজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পাচ্ছে। জ্বর, সর্দি-কাশিসহ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। রোগবালাই থেকে রক্ষা পেতে গরম পানি পান করাসহ গরম কাপড় ব্যবহারের জন্য পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
শনিবার সকাল ৮টায় নগরীর ময়লাপোতা মোড়ে মাইক্রোবাস চালক শরিফুল ইসলাম বলেন, ঘন কুয়াশা আর হিম বাতাসের কারণে ভাড়া পাওয়া যাচ্ছে না। রিক্সাচালক মোকলেস আলী জানান, রিক্সার হাতলে হাত রাখা যাচ্ছে না, হাত-পা সব নিঃস্তেজ হয়ে যায়। কুয়াশা আর ঠান্ডা বাতাসের কারণে রাস্তায় বেশিক্ষণ থাকাও সম্ভব হচ্ছে না। যাত্রীও মিলছে না। খুব কষ্টে একবেলা রিকশা চালাচ্ছি, ফলে রোজগার একেবারেই কমে গেছে।
প্রসঙ্গত, আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ দশমিক ১ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসলে মাঝারি শৈত্যপ্রবাহ, ৪ দশমিক ১ ডিগ্রি থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসলে তীব্র শৈত্যপ্রবাহ এবং তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়ামের নিচে নেমে গেলে তাকের অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ । ৭:২৬ অপরাহ্ণ