খুলনার বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি খেলার মাঠে মেলা বন্ধ না করলে কঠোর কর্মসূচি
মো: মোশারেফ আলী সোহেল: খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে মাসব্যাপী মেলার আয়োজন বন্ধের দাবি জানিয়েছে তিনটি নাগরিক সংগঠন। গতকাল বুধবার খুলনার বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. মোখতার আহমেদের সঙ্গে দেখা করে পৃথকভাবে স্মারকলিপি দেয় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, আমরা বৃহত্তর খুলনাবাসী ও বৃহত্তর আমরা খুলনাবাসী। স্মারকলিপিতে নারীদের একমাত্র খেলার মাঠে মেলার আয়োজন বন্ধ না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালের পাশে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রশিক্ষণ ও খেলাধুলা করেন নারীরা। ছেলেদের স্কুল ও কলেজ পর্যায়ের আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট, অনুশীলন, বিভিন্ন জাতীয় প্রতিযোগিতার আয়োজন হয় মাঠটিতে। মাঠটি এক মাসের জন্য ভাড়া দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। মেলা করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত মাঠ বরাদ্দ পেয়েছে বাংলাদেশ উইভার্স প্রডাক্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স বিজনেস অ্যাসোসিয়েশন। মেলা, আগের প্রস্তুতি ও পরে নির্মাণসামগ্রী অপসারণের জন্য দুই মাস মাঠে সব ধরনের খেলাধুলা বন্ধ রাখতে হবে।
গত ৭ ডিসেম্বর এ নিয়ে সমকালে সংবাদ প্রকাশ হলে মেলা বন্ধের দাবি জানাতে থাকেন নাগরিক ও ক্রীড়া সংগঠকরা। গতকাল তারা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আয়োজন বন্ধের দাবি তুললেন।
গতকাল দুপুরে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামানসহ অন্য নেতারা বিভাগীয় কমিশনারের সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেন। এরপর আমরা বৃহত্তর খুলনাবাসীর সভাপতি মোহাম্মদ আরিফ, সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচি স্মারকলিপি দেন। বিকেলে স্মারকলিপি দেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. শেখ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন।
স্মারকলিপিতে উল্লেখ আছে, মাঠটিতে বর্তমানে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট চলছে। আগামী ২০ ডিসেম্বর থেকে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। এ ছাড়া শিশুদের অ্যাথলেট ক্যাম্প, ফুটবল ক্যাম্পসহ বিভিন্ন খেলাধুলার পরিকল্পনা রয়েছে মাঠটিতে। মেলার জন্য মাঠটি ভাড়া দেওয়ায় সব ধরনের আয়োজন অনিশ্চয়তার মুখে পড়েছে। এ ছাড়া দু’এক দিনের মধ্যে স্কুল পর্যায়ে বার্ষিক পরীক্ষা শেষ হবে। ডিসেম্বর ও জানুয়ারি মাসের শিশু-কিশোরীদের খেলার মৌসুম। এই সময়ে মাঠটি বন্ধ করে দিলে সব ধরনের খেলাধুলা থেকে বঞ্চিত হবে তারা।


আপনার মতামত লিখুন